Header Ads

সহীহ বুখারীঃ কিতাবুস সলাহঃ মসজিদে উট প্রবেশ করানো

 باب إِدْخَالِ الْبَعِيرِ فِي الْمَسْجِدِ لِلْعِلَّةِ وَقَالَ ابْنُ عَبَّاسٍ طَافَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى بَعِيرٍ.

পরিচ্ছেদ: কোনো প্রয়োজন (রোগ ইত্যাদি)-র কারণে মসজিদে উট প্রবেশ করানো। ইবনে আব্বাস (রা.) বলেন নবী করীম (সা.) উটের উপর সওয়ার হয়ে তওয়াফ করেছেন।

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ، عَنْ عُرْوَةَ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ شَكَوْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنِّي أَشْتَكِي‏.‏ قَالَ ‏ "‏ طُوفِي مِنْ وَرَاءِ النَّاسِ وَأَنْتِ رَاكِبَةٌ ‏"‏‏.‏ فَطُفْتُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي إِلَى جَنْبِ الْبَيْتِ، يَقْرَأُ بِالطُّورِ وَكِتَابٍ مَسْطُورٍ‏.‏

অনুবাদ: উম্মুল মুমিনীন হযরত উম্মে সালামা (রা.) বলেন, আমি রাসূল (সা.)-এর কাছে নিজের অসুস্থতার অভিযোগ করলাম। তিনি বললেন, তুমি উটে চড়ে লোকজনের পিছনে সওয়ারির উপর থেকে তাওয়াফ করো। আমি তাওয়াফ করলাম। এবং তখন রাসূল (সা.) কা'বা ঘরের একপ্রান্তে সূরা তুর পড়ে নামায আদায় করছিলেন।

প্রাসঙ্গিক আলোচনা

হাদীসের সামঞ্জস্য: শিরোনামের সাথে হাদীসের সামঞ্জস্য طُوفِي مِنْ وَرَاءِ النَّاسِ وَأَنْتِ رَاكِبَةٌ -এর সাথে।

হাদীসের পুনরাবৃত্তি: হাদীসটি বুখারী শরীফে ৬৬, ২১৯, ২২১, ৭১৯-৭২০ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে।

শিরোনামের উদ্দেশ্য: ইমাম বুখারীর উদ্দেশ্য হলো রোগ-ব্যাধি ইত্যাদির কারণে অপরাগতার সময় মসজিদের ভিতরে উট প্রবেশ করানো জায়েয প্রমাণ করা। এর জন্য তিনি প্রথমে ইবনে আব্বাস (রা.)-এর ইরশাদ পেশ করেছেন যে, নবী করীম (সা.) উটের উপর সওয়ার হয়ে তওয়াফ করেছেন। অতঃপর এ উক্তিকে কিতাবুল মানাসিকে (হজ অধ্যায়ে) পৃথক শিরোনাম باب المريض يطوف راكبا কায়েম করে ইবনে আব্বাস (রা.)-এর এ হাদীসটি মুত্তাসিল সনদে উল্লেখ করেছেন। (ان رسول الله (ص) طاف بالبيت وهو علي بعيره الخ) [বুখারী, খ. ১, পৃ. ২২১] বুঝা গেল যে, এখানেও للعلة দ্বারা উদ্দেশ্য হলো রোগ-ব্যাধি। তাছাড়া এ সম্ভাবনাও রয়েছে যে, তিনি আবু দাউদের রেওয়ায়েতের দিকে ইঙ্গিত করেছেন। তা হলো- عن ابن عباس ان رسول الله صلي الله عليه وسلم قدم مكة وهو يشتكي فطاف علي راحلته الخ  

ব্যাখ্যা: ইমাম বুখারী উদ্দেশ্য প্রমাণের জন্য বাবের অধীনে উম্মুল মুমিনীন হযরত উম্মে সালামা (রা.)-এর হাদীস পেশ করেছেন যে, তিনি বিদায় হজের সময় রোগের কারণে অপারগতা প্রকাশ করেছেন। তখন তিনি তাঁকে সওয়ারীর উপর আরোহণ করে তওয়াফের অনুমতি দিয়েছেন।

এর দ্বারা ইমাম বুখারী এটা প্রমাণ করতে প্রয়াস পেয়েছেন যে, যেহেতু বায়তুল্লাহ হলো মসজিদে হারামের মধ্যে। তাই সওয়ার হয়ে তার তওয়াফ করা দ্বারা এটা প্রমাণ হলো যে, প্রয়োজনের কারণে মসজিদেও উট ইত্যাদি প্রবেশ করানো জায়েয হবে।

তবে এ দলীল এ কারণে প্রশ্নবিদ্ধ যে, তখনকার যুগে মসজিদে হারামের আকৃতি এমন ছিল না; বরং মসজিদে হারাম ছিল মাতাফ পর্যন্ত বিস্তৃত। বুখারীতে আছে-

لم يكن علي عهد النبي صلي الله عليه وسلم حول البيت حائط كانوا يصلون حول ا لبيت حتي كان عمر فبني حوله حائطا

নবী করীম (সা.)-এর যুগে মসজিদে হারামের চতুর্দিকে দেয়াল ছিল না। লোকেরা বায়তুল্লাহর চতুর্দিকে নামায আদায় করত। পরে হযরত ওমর (রা.)-এর যুগে বায়তুল্লাহর চতুর্দিকে প্রাচীর নির্মাণ করা হয়।

মোটকথা অপারগতা ছাড়া পশুকে মসজিদে প্রবেশ করানোর অবকাশ নেই। তবে মসজিদ অপবিত্র হওয়ার আশঙ্কা না থাকে তাহলে গ্রহণযোগ্য ওযর হলে প্রবেশ করানো যাবে।

প্রচুর ও প্রবল সম্ভাবনা যে, হুযুর (সা.) ও হযরত উম্মে সালামার উট প্রশিক্ষণপ্রাপ্ত ছিল। তাই সবগুলিকে তার উপর কেয়াস করা যাবে না।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.